শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারোপাহাড় থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার কাটাবাড়ি এলাকার গহীর জঙ্গল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত গভীর রাতে একটি মাদী বয়স্ক বন্য হাতি অসুস্থ অবস্থায় চলতে গিয়ে কাটাবাড়ি এলাকার আব্দুস সাত্তারের বাগান সংলগ্ন এলাকায় মরে পড়ে থাকে। ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণিসম্পদ বিভাগকে খবর পাঠায়।
বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বামপাশে একটি ছিদ্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়। তবে প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন সুরতহাল দেখে বয়স্কজনিত কারণে মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: স্বাধীনতার পর থেকে ইত্তেফাক পড়েন সারেং আব্দুল কাদের
স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান জানান, ভোররাতে বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যেতে পারে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বন্য হাতিটির বয়স ষাটের বেশি হবে। বয়স ও খাদ্যে বদহজমজনিত কারণে মারা গেছে। আমরা হাতির ময়নাতদন্ত করেছি। সঠিক কারণ পরে জানা যাবে।
ইত্তেফাক/এএএম