‘এরশাদের সাথে আমার সংসার ভেঙে এখন এরিকের সম্পদ লুটের ষড়যন্ত্র চলছে’

জাতীয় পার্টির প্রাসাদ রাজনীতির কারণে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বৈবাহিক বিচ্ছেদ হয়েছিল দাবি করে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, ‘এরশাদের মৃত্যুর আগেই আমি তবুও ভালো ছিলাম। মৃত্যুর পর আমাদের একমাত্র পুত্র এরিক ও তার সম্পদ লুটপাট করার জন্য এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। হুমকি-ধামকি চলছে।’

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পল্লীনিবাসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের আগে বিদিশা এরশাদ সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং করে একথা বলেন। 

এ সময় পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ ছাড়াও এরশাদ গঠিত জোট বিএনএ এর সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজার রহমান, মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়কারী মো. আক্তার হোসেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিক এরশাদের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, এন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদের একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বিদিশা সাংবাদিকদের আরও বলেন, ‘যারা এক সময়ে এরিকের মাধ্যমে নমিনেশন নিয়েছে। মন্ত্রী-এমপি হয়েছেন, তারা এখন তার কোন খোঁজ রাখেনি। এরশাদের মৃত্যুর আগেও আমাদের নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এখনও হচ্ছে। জিডি, হামলা, মামলা ও হুমকি-ধামকি সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে। এখন চলছে কিভাবে এরিকের সম্পদ লুটপাট করা যায়। আমি এরশাদের সম্পদের লোভে রংপুর আসিনি। তার কবর জিয়ারতের মাধ্যমে তার দোয়া নিয়ে আমি রাজনীতির মাঠে সক্রিয় হতে চাই। এরিক ও তার সম্পদকে রংপুরবাসীর হাতে তুলে দিলাম, আপনারা দেখে রাখবেন।’

আরও পড়ুন: নালিতাবাড়ীর গারোপাহাড় থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

পরে তিনি পুত্র এরিককে নিয়ে এরশাদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবরে। এর আগে বেলা ১২ টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে এসে সোজা পল্লী নিবাসে যান। সেখানে এরিক এরশাদের ছবিতে চুমু খান। পরে ওপরে গিয়ে ২০ মিনিট পর প্রেস ব্রিফিং করেন।

এদিকে হঠাৎ করে রংপুরে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে বিদিশার আগমনে জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে কেন, কি কারণে পল্লী নিবাসে এই আগমন, তা বিষদ জানা যায়নি। 

সোমবার বেলা ১২টার দিকে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রবেশ করেন বিদিশা সিদ্দিক ও এরিক এরশাদ। এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায় মা-ছেলে। সেখান থেকে সিলভার কালারের একটি কারে চড়ে পল্লী নিবাসে এসে নামেন।    

এদিকে বিদিশা ও এরিকের আগমন নিয়ে কেউ মুখ না খুললেও একটি সূত্র জানিয়েছে, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এরিক এরশাদ রংপুরে তার মাকে সঙ্গে নিয়ে এসেছেন।

ইত্তেফাক/এএএম