গাইবান্ধায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জামিরুল ইসলাম (৩৬) ও রুমী বেগম (২৮) নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামে তাদের বাড়ির শয়ন ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশাদ আজিজ জানান, প্রায় একযুগ আগে তাদের বিয়ে হয়। লিমন (১০) ও ইয়াবিন (০৩) নামে তাদের দুটি ছেলে সন্তান আছে।

তিনি আরো জানান, তুচ্ছ বিষয় নিয়ে রবিবার রাতে জামিরুল ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে শয়ন ঘরের বিছানায় রুমী বেগমের লাশ ও ঘরের ধর্নার সঙ্গে জামিরুলের লাশ প্রতিবেশীরা দেখতে পায়। 

ধারণা করা হচ্ছে, ঝগড়ার জের ধরে রাতে কোন এক সময়ে জামিরুল তার স্ত্রী রুমী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি ঘরের ধর্নার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, খবর পেয়ে দুপুরে তাদের দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

তিনি আরো জানান, এই দুইজনের কাউকে হত্যা করা হয়েছে না তারা আত্মহত্যা করেছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।

ইত্তেফাক/জেডএইচ