বাংলাদেশে আরসার ঘাঁটি

মিয়ানমারের বক্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার

বাংলাদেশে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার ঘাঁটি রয়েছে- মিয়ানমার সরকারের এমন দাবির কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই এ তথ্য জানিয়েছে। ঢাকা বলেছে, বাংলাদেশে আরাকান আর্মি কিংবা আরসার কোনো ঘাঁটি নেই। মিয়ানমার সরকার আরাকান আর্মি এবং আরসা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন এবং উস্কানিমূলক।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি এক বিবৃতিতে মিয়ামারের রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র বাংলাদেশে আরাকান আর্মির দুইটি এবং আরসার তিনটি ঘাঁটি রয়েছে বলে মন্তব্য করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিয়ানমারের এই বক্তব্যে বাংলাদেশ চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ। মিয়ানমারের বর্তমান সংঘাত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সমস্যার জন্যই সৃষ্ট। দেশটির অভ্যন্তরীণ সমস্যার দায় বাংলাদেশের ওপর না চাপালেই ঢাকা খুশি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ সতর্কতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে কার্যকর প্রতিরোধ ব্যবস্থার কারণে বাংলাদেশের কোথাও অপরাধমূলক কার্যক্রম করা সম্ভব নয়। এছাড়া প্রতিবেশী দেশের কোনো বিদ্রোহী সংগঠনকে দেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করার অনুমতি বাংলাদেশ দেয় না।

প্রতিবেশি কোনো দেশের জঙ্গি গোষ্ঠীকে দেশের মাটিতে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ  জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে সন্ত্রাস ও  জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করছে। একইসঙ্গে মিয়ানমারের সঙ্গেও সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে প্রস্তুত রয়েছে।