বাংলাদেশ-যুক্তরাষ্ট্র রাজনৈতিক আলোচনা ২২ জানুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার রাজনৈতিক আলোচনা আগামী ২২ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হ্যালে। কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে মূলত এই আলোচনা হবে। রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পাবে।

সূত্র আরো জানায়, গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র সচিব। ২২ জানুয়ারির রাজনৈতিক আলোচনায় উপস্থিত থাকবেন রাষ্ট্রদূত মিলারও। গতকাল বুধবার এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন তিনি।