রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়া ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গতকাল বুধবার সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রবিউল ইসলাম, আখলাকুজ্জামান আনসারী, তোফাজ্জল হোসেন হেলাল, তানভীর হাসান মোহন, ইউসুফ, আবু রায়হান আল বিরুনী পুসকিন ও আবুল কালাম। গুজব ছড়ানোয় ব্যবহূত তাদের মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।
র্যাব সদর দফতর জানায়, গ্রেফতারকৃতরা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাব মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে প্রচার এবং গুজব ছড়িয়ে আসছিল।