চাকরির কথা বলে ‘বন্ধুকে’ ঢাকায় এনে মুক্তিপণ দাবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন নাটোরের জুয়েল আহম্মেদ (২২)। চাকরির সুবাদে আবু মুসা এবং কুরবান আলীর সঙ্গে গড়ে ওঠে ‘বন্ধুত্ব’। পরবর্তীতে চাকরি ছেড়ে বাড়ি চলে যায় জুয়েল। পরে ঢাকায় কাস্টমসে চাকরির প্রলোভন দেয় তার ‘বন্ধু’ মুসা। জুয়েল রাজি হলে তাকে একটি ভুয়া নিয়োগপত্র পাঠায় মুসা। এরপর চাকরিতে যোগদানের জন্য ঢাকায় এলে সেই কথিত চাকরিদাতা ‘বন্ধুর’ হাতেই অপহূত হয় জুয়েল।

আর এ অপহরণের অভিযোগ পেয়ে গত মঙ্গলবার অভিযানে নামে র্যাব-২। এরপর মুক্তিপণের টাকা দেওয়ার ফাঁদ পেতে সেদিন রাতেই তেজকুনিপাড়া থেকে কুরবান আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে উদ্ধার করা হয় অপহূত জুয়েলকে। অপহরণকারীরা জুয়েল আহম্মেদের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকার জন্য হাতুড়ি ও ইলেকট্রিক তার দিয়ে নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের কাছে টাকা পাঠানোর কথা বলে জুয়েল। এএসপি সাইফুল মালিক জানান, আটক কুরবানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক মুসাকে গ্রেফতারের চেষ্টা চলছে।