মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একজন স্টাফের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এখানে গ্রুপ অনুশীলন বন্ধ রাখা হয়েছিল। এতে ক্রিকেটারদের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই আতঙ্ক কাটিয়ে আগামীকাল আবার শুরু হচ্ছে অনুশীলন। আর এই অনুশীলনের আগে ঢাকাস্থ সব জাতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল ১৭ জন ক্রিকেটার ও সাত জন স্টাফের পরীক্ষা করানো হয়েছে।
ক্রিকেটারদের বাসায় গিয়ে গিয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বা আগামীকাল এই পরীক্ষার রিপোর্ট চলে আসার কথা। পরীক্ষা সম্পর্কে বলেছেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী, ‘আমরা ঢাকায় যারা অনুশীলনে অংশ নেবেন, সবাইকে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ (গতকাল) ১৪ জনকে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১৭ জন ক্রিকেটার ছিলেন। ক্রিকেটার আর কেউ বাকি নেই। তবে আরো কয়েক জন সাপোর্ট স্টাফ—টিম বয়, ম্যাসাজম্যান, এদের পরীক্ষা বাকি আছে। এটা আজকে হয়ে যাবে।’
এই পরীক্ষার পর শ্রীলঙ্কা সফর সামনে রেখে আবার অনুশীলন শুরু হবে। আর এই পর্বের অনুশীলনে দলের সঙ্গে আস্তে আস্তে ইতিমধ্যে দেশে পৌঁছে যাওয়া কোচরাও যোগ দেবেন।
উল্লেখ্য, গত মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ড খেলা হওয়ার পর থেকে মাঠের সব কার্যক্রম করোনার কারণে বন্ধ ছিল। এরপর গত মাসে প্রথমে একক অনুশীলন শুরু হয় ক্রিকেটারদের। পরে পর্যায়ক্রমে সেন্টার উইকেটে একাধিক ক্রিকেটার একসঙ্গে অনুশীলন শুরু করেন। এর পরের পর্বে ক্রিকেটাররা একসঙ্গে বিভিন্ন ট্রেনিং করবেন।
ইত্তেফাক/এসআই