অপকর্মে সম্পৃক্ত থাকার অভিযোগে তালা থানার এসআই আনোয়ার ক্লোজড

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয়দানকারী আলাদীনের চেরাগ পাওয়া প্রতারক আঠারোমাইল এলাকার জিন্নাত আলী শেখ ওরফে জিন্নাত খোঁড়া (৩৫) এখন পুলিশের খাঁচায় বন্দি। তার অপকর্মে সম্পৃক্ত থাকার অভিযোগে তালা থানার এসআই আনোয়ার হোসেনকে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে।

জিন্নাতের গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরলেও অপকর্মের দোসরদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেনের করা প্রতারণা মামলায় বৃহস্পতিবার ডুমুরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানায়, ডুমুরিয়া উপজেলার হোগলাডাংগা গ্রামের সাহেব আলীর পুত্র জিন্নাত আলী শেখ ওরফে জিন্নাত খোঁড়া দীর্ঘদিন যাবৎ এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা (ডিআইজি) এর আত্মীয় (ভাগ্নে) পরিচয়ে লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি করে আসছিল। স্থানীয় থানা ও পুলিশ ক্যাম্পের কতিপয় পুলিশের যোগসাজশে ঐ পুলিশ কর্মকর্তার (ডিআইজির) নাম ভাঙ্গিয়ে তালা-ডুমুরিয়া-কেশবপুর অঞ্চলে একের পর এক ঘের দখল, জমি দখল, মামলা থেকে অব্যাহতিসহ নানা পুলিশি সুবিধা পাইয়ে দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জিন্নাতের অভিনব প্রতারণার শিকার তালা উপজেলার শিরাশুনি গ্রামের সোহবার হোসেন জানান, জিন্নাত শেখ ও তালা থানার এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডিআইজির ভয় দেখিয়ে তাকে মৎস্য ঘের ছেড়ে আসতে বাধ্য করে।

তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম জানান, জিন্নাতের কথামত তালা থানার এস আই আনোয়ার হোসেন আমার এলাকার ৪/৫ টি ঘের থেকে ব্যবসায়ীদের তাড়িয়ে টাকার বিনিময়ে প্রতিপক্ষের দখলে দিয়েছে।

তেঁতুলিয়া ইউপি সদস্য বাবর আলী জানান, এসআই আনোয়ার হোসেন এবং প্রতারক জিন্নাত শেখ ঘের দখল পাইয়ে দেয়ার জন্য তার কাছ থেকে একজন ডিআইজির নাম ভাঙিয়ে তার কথা বলে প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে  নেয়।

এ বিষয়ে তালা থানার এস আই আনোয়ার হোসেন জানান,  জিন্নাতের দেয়া একটি ভুয়া মোবাইল নাম্বার থেকে ডিআইজি পরিচয়ে আমার কাছে কল আসতো, নাম্বারটি এখন বন্ধ পাচ্ছি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, জিন্নাত আমাদেরকে ভুল বুঝিয়েছে। তবে তিনি তালা থানার এস আই আনোয়ার হোসেন ক্লোজড হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, কি কারণে তাকে ক্লোজড করা হয়েছে সেটা তার জানা নেই।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক জিন্নাতের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যানের মামলায় তাকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর