রাঙ্গামাটিতে সেনা অভিযানে আরাকান লিবারেশনের ২ সদস্য অস্ত্রসহ আটক

রাঙ্গামাটির রাজস্থলীর গবাছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সশস্ত্র শাখার দুই সক্রিয় সদস্যকে আটক করেছে। এরা হলেন- চাচিং মার্মা ও উংসিং নু মার্মা। গতকাল বুধবার সকালে রাজস্থলীর গবাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টির এ দুই প্রশিক্ষিত সদস্যকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটকদের কাছ থেকে ১টি আমেরিকান জি থ্রি রাইফেল, ২৪ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়। রাজস্থলী উপজেলার কারিগরপাড়া এলাকায় এএলপির দুই সশস্ত্র সদস্য অবস্থান করছে এমন খবর পেয়ে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। আটকদের চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ রাঙ্গামাটির বাঘাইহাটে দুটি গুলির চালানসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন- কর্ণ মোহন ত্রিপুরা ও সাগর ত্রিপুরা। পুলিশ মোটরসাইকেল  আরোহী এ দু’জনের ব্যাগ তল্লাশি করে ৯৯০ রাউন্ড গুলি উদ্ধার করে।