ফরিদগঞ্জে পাউবোর জায়গা দখল

উপজেলার গাজীপুর বাজারের দক্ষিণ পাশে নব-নির্মিত ব্রীজের পূর্বাংশে পানি উন্নয়ন বোর্ডের  প্রায় ২ একর সম্পত্তিতে অবৈধ দখলদাররা অর্ধশতাধিক দোকান নির্মাণ করে চলছে।

এলাকার লোকজন জানান, বর্তমান ইউপি সদস্য মোঃ জসিমউদ্দিন পাঠান, সাবেক মেম্বার মোঃ মাঈনুদ্দিন পাটওয়ারী, মোঃ সাইফুল ইসলাম, আলম পাঠান, মোঃ শহীদ, বতু, সোহেল গাজী, আলমগীর হোসেন, আলম গাজী, সুমন খান, রফিক মিজি, জাহাঙ্গীর খান, মমিনুল হক ভূঁইয়া, মজিব পাঠানসহ আরো কয়েকজন রাতের আঁধারে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকান নির্মাণ করে চলছে। প্রশাসনের এ বিষয়ে কোন ধরণের খবরদারি নেই।

দখলদারদের মধ্যে মাঈনুদ্দিন পাটওয়ারী জানান, জায়গাটি পূর্বের লিজ নেওয়ার মেয়াদ উর্ত্তীন হওয়ার পর প্রায় এক বছর লিজ বর্হিভূত পড়ে থাকে পাউবোর প্রায় ২ একর সম্পত্তি। বর্তমানে লিজ নেই তাছাড়া ধানুয়া-গাজীপুর ব্রীজটি সম্প্রতি নির্মাণ কাজ শেষ হওয়ায় জায়গাটির বেশ গুরুত্ব বেড়েছে। তাই আমরা কয়েকজন মিলে দখলে নিয়েছি, পাউবো লিজ দিলে আমরা নিতে চেষ্টা করবো।

পাউবোর চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সেকশন অফিসার মোঃ ওয়াহিদুর রহমান ভূঁইয়া মুঠোফোনে জানান,  ব্রীজটির পূর্ব পাশে আমাদের  প্রায় ২ একর সম্পত্তি রয়েছে। আমি অবৈধ দখলদারদের ডেকে এনে সময় দিয়েছি নিজ নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। যদি এ সময়সীমার মধ্যে না সরিয়ে নেয় তা হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।

ইত্তেফাক/আরকেজি