আড়াইহাজারে বিদ্যালয় এলাকায় প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় নব্য আওয়ামী লীগ নেতা তানভীর আহমেদের নেতৃত্বে গোপালদী হিন্দু পাড়ায় হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। এতে আহত হয়েছে শিশু-নারীসহ ৮ জন। জানা গেছে, গতকাল বুধবার উপজেলার সদাসদী উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় স্কুল চলাকালীন সময়ে গোপালদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী তানভীর আহমদসহ ১০/১২ জন ধূমপান করছিল। ঐ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য উত্তম কুমার বিশ্বাস তাদেরকে বিদ্যালয় আঙ্গিনায় ধূমপান না করার জন্য বলে। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে তানভীর আহমদসহ শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালদী হিন্দু পাড়ায় হামলা চালায়। তারা গোপালদী পৌরসভার সাবেক যুবলীগের আহ্বায়ক উত্তম কুমার বিশ্বাসের বাড়ি ও তার শ্বশুর অরুন বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ৫টি ঘর ভাঙচুর এবং মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসী তাণ্ডবে আতঙ্কে হিন্দু পাড়ার কয়েকশ হিন্দু পরিবারের নারী-পুরুষ ও শিশুরা বাড়িঘর ছেড়ে আত্মরক্ষা করে বলে উত্তম বিশ্বাস জানান। ঐ সময় গোপালদী বাজারে মাইকে লুটপাটের খবর প্রচার করলে গোপালদী ফাঁড়ি ও আড়াইহাজার থানার ওসির নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন রাতে গোপালদীর উলুকান্দীতে কৃষ্ণ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে সভা করেছেন। তবে তিনি জানান, বাড়িঘরে কোনো হামলা কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি। জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান জানান, আড়াহাজারে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।