কবে মাঠে নামছেন মেসি?

অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে গত সোমবার অনুশীলনে ফিরেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তবে এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে নতুন এক অপেক্ষাও। নতুন মৌসুমে মেসির নতুন শুরুর অপেক্ষা।

গত ২৫ আগস্ট রাতে ক্লাব ছাড়তে চাওয়ার নোটিশ বার্সেলোনাকে পাঠিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী। এরপর বহু জল ঘোলা করে শেষমেশ নিরুপায় হয়েই থেকে যাওয়ার সিদ্ধান্ত জানান মেসি। সে ঘটনার পর সোমবারই প্রথম অনুশীলনে নামেন তিনি।

‘নতুন কোচ নতুন ধারণা নিয়ে এসেছেন, ব্যাপারটা ভালো। কিন্তু আমাদের দেখতে হবে দল কীভাবে ব্যাপারটায় অভ্যস্ত হয়। এটা আমাদের শীর্ষ পর্যায়ে লড়তে সাহায্য করবে কিনা, সেটাও দেখতে হবে। কিন্তু আমি যা বলতে পারি, আমি থেকে যাচ্ছি আর বার্সেলোনার জন্য আমার সেরাটাই ঢেলে দেবো।’—কথাগুলো গত শুক্রবার গোল ডটকমকে দেওয়া সে সাক্ষাত্কারেই বলেছিলেন মেসি।

এ মৌসুমে বার্সা অধিনায়ককে দিতে হবে সে প্রমাণটাই। তার পরীক্ষামূলক শুরুটা হতে পারে আগামী শনিবার রাতে, বার্সেলোনা যখন জিমন্যাস্টিক তারাগোনার বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নামবে। তবে দেরিতে অনুশীলনে ফিরেছেন বলে সেটা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে চার দিন পরে জিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই ফিরতে পারেন তিনি। সেটা হলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ হারের পর প্রথমবারের মতো মাঠে নামবেন মেসি।

গত মাসে চ্যামিপয়ন্স লিগ-ব্যস্ততার কারণে একটা বাড়তি সপ্তাহ ছুটি পাওয়া বার্সেলোনা আগামী ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচ দিয়ে নিজেদের ২০২০-২১ মৌসুম শুরু করবে।