সাংবাদিক জুলহাসের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি বিজয় টিভির ধামরাই প্রতিনিধি সাংবাদিক মো. জুলহাস উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

এর আগে ৪ সেপ্টেম্বর একই দাবিতে সাভার, আশুলিয়া, সাটুরিয়া, মানিকগঞ্জের সাংবাদিকদের নিয়ে ধামরাই প্রেসক্লাবের সাংবাদিকরাও মানব বন্ধন করেন।

বুধবারের এই মানববন্ধন থেকে জুলহাস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে জুলহাসের স্ত্রী কবিতা, শিশু পুত্র শাহাদত হোসেন সর্বোচ্চ শাস্তি হিসেবে হত্যাকারী ফাঁসির দাবি জানিয়েছেন।

বক্তব্য রাখেন গাঙ্গুটিয়ার ইউপি চেয়ারম্যান আ. কাদের মোল্লা, গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি আলতাফ হোসেন, হাসু মেম্বার, আবুল বাশার মন্টু, আলমগীর মেম্বার প্রমূখ।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সময় গলায় ছুরি চালিয়ে জুলহাস উদ্দিনকে হত্যা করা হয়। এ সময় হত্যাকারী শাহীন ও তার সহযোগী মোয়াজ্জেমকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় জুলহাসের বোন রিনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমআরএম