অফিসের বাইরে আর ধরতে হবে না ‘বস’-এর ফোন!

বেসরকারি চাকরিজীবীদের অফিস শেষ করে বাসায় এসেও যেন স্বস্তি মেলে না। অফিস এর বসেরই কোনো ফোন বা ইমেইল থাকলে তা দেখতে হয়। কোনো নির্দেশনা থাকলে তা মানতে হয়। তাই ব্যক্তিগত জীবনে আলাদা করে একটু সময় কাটানোটাই যেন দুষ্কর হয়ে পড়ে।

এ অবস্থা থেকে নিষ্কৃতি মিলছে ভারতের বেসরকারি চাকরিজীবীদের। দেশটির আইনসভার নিম্নকক্ষ লোকসভায় এ নিয়ে ‘রাইট টু ডিসকানেক্ট বিল’ উত্থাপন করা হচ্ছে। বিলটি পাশ হলে অফিসের কাজের সময়ের বাইরে কোনও কর্মীকে ফোন বা ই-মেলের উত্তর দিতে বাধ্য করা যাবে না।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিলটি লোকসভায় পেশ করেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। বিলের বিষয়ে তিনি বলেন, পরিবারের সঙ্গে কর্মক্ষেত্রের ভারসাম্য রক্ষা করতেই ‘ডিসকানেক্ট’ এবং ‘কল রিসিভ’ না করার অধিকার দেওয়া দরকার।

আরো পড়ুন: রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড

বিলে বেসরকারি কর্মীদের মূল অধিকারের অংশে রয়েছে, অফিসের বাইরে কর্মীকে তার ‘বস’ ফোন করতেই পারেন। কিন্তু সেই কর্মী ফোন না ধরলেও কোনো সমস্যা নেই। ই-মেলের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে।

সারা বিশ্বে ফ্রান্সই একমাত্র দেশ, যেখানে এই নিয়ম চালু রয়েছে। নিউইয়র্কেও প্রায় একইরকম বিল আনা হয়েছে। এই ধরনের কোনও আইন আনা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে জার্মানিতেও।

ইত্তেফাক/কেআই