বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া খুলে এক মাদক ব্যবসায়ী পালানোর ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীকে বুধবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানাগেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার গোড়াপদ্মা গ্রাম থেকে ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিরাজ ও তার সহযোগী কাশেমকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে বাবুগঞ্জ ফাঁড়ীর পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের হাতকড়া দিয়ে পুলিশ ফাঁড়ীর জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে মিরাজ পালিয়ে যায়।
আরো পড়ুনঃ সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি
এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ীর কর্মকর্তা এসআই রনজিৎ কুমার সরকার, এএসআই রফিকুল ইসলাম ও ডিউটিরত কনস্টেবল তৌহিদকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিরাজকে আটক করতে পারেনি পুলিশ।
ইত্তেফাক/এমএএম