মনিরামপুরে যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখল, আটক ৭

যশোরের মনিরামপুরে বুধবার (৯ সেপ্টেম্বর) যুবলীগের স্থানীয় নেতার নেতৃত্বে ক্যাডার দিয়ে জমি দখল করতে গিয়ে হামলায় নারী পুরুষসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে মনিরামপুর হাসপাতালে এবং ১ জনকে যশোর ২৫০ শয্যা  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবলীগ নেতা নয়ন আচার্যের বাড়িতে তল্লাসি চালিয়ে চায়নিজ কুড়াল ও ১শ গ্রাম গাজা উদ্ধার করে। এ সময় নয়নসহ সাত জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন, বাজিত পুট গ্রামের সুভাষ আচার্য(৫০), প্রশান্ত আচার্য(৫১), নিদ্রা আচার্য (৫৩),  মৃণাল(৪৮) স্বরনালী(২০)। 

আহত প্রশান্ত জানান, এক বছর আগে তার বড়ভাই সুভাষ আচার্য চাচাতো ভাই চিত্ত আচার্যের নিকট থেকে ১১শতাংশ জমি খরিদ করেন। কিন্তু ইতি পূর্বে ওই জমি তার আপন ভাই সত্য আচার্যের কাছে বিক্রির জন্য বায়না পত্র করেন। সত্য আচার্য চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে জমি দলিল করে নিতে ব্যর্থ হলে চিত্ত তার বড় ভাই সুভাষের নিকট বিক্রি করে দেয়। এখন সত্য সুভাসকে দখলে যেতে বাধা সৃষ্টি করায় গোল যোগের সূত্রপাত ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার জানান, এব্যাপারে কয়েক বার সালিশ করে দিয়েছি। সত্য আচার্য সালিশ নামেনে  ভাইপো যুবলীগ নেতা নয়নের নেতৃত্বে ওই জমি দখলে নিতে গেলে সুভাস গং বাধা দিলে তাদের উপর বহিরাগতক্যাডার নিয়ে হামলা চালান হয়।এতে নারী পুরুষ সহ কম পক্ষে(১০) জন আহত হয়।

নেহালপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা নয়ন আচার্যের বাড়িতে তল্লাসি চালিয়ে চায়নিজ কুড়াল ও ১শ গ্রাম গাজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় নয়নসহ সাত জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মনিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআর