জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক পাঁচুরমোড়ে অবিলম্বে ‘স্বাধীনতা চত্বর’ নির্মাণের দাবি জানিয়েছে ‘আমরা জয়পুরহাটবাসী’ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনটির পক্ষ থেকে শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ওই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ ও জয়পুরহাটবাসীর এ প্রত্যাশা পূরণে সহযোগিতার কথা জানিয়ে মোবাইলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন । আয়োজকদের পক্ষে মানববন্ধন থেকে দাবিনামা ঘোষণা করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি।
এসময় বক্তারা বলেন, স্থানীয় জেলা পরিষদের পক্ষ থেকে ইতিপূর্বে শহরের এই প্রাণকেন্দ্রে স্বাধীনতা চত্বর নির্মাণের জন্য দুই দফায় পাঁচুরমোড় সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং উচ্ছেদ হওয়া জায়গায় আবারও অপরিকল্পিতভাবে গড়ে ওঠেছে অবৈধ ব্যবসা কেন্দ্র।
তারা আরও বলেন, পাঁচুরমোড় নামক এই স্থানটি জেলা শহরের প্রাণকেন্দ্র হলেও বর্তমানে নোংড়া, অপরিস্কার ও আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। সে কারণে আর কোনো কথা বা আশ্বাস নয় অবিলম্বে পাঁচুরমোড়ে স্বাধীনতা চত্বর নির্মাণ করুন।
মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/এসি