ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বেওরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম (খুটা মোহাম্মদ) (৩০) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান। 

নিহত শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার চুড়ুইগেদি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বেওরঝাড়ি বিওপির মেইন পিলার ৩৮০-৮ এর কাছে স্থানীয় ৪/৫ জন জেলে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরছিল। এসময় তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের ১৭১ বিএসএফ’র বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে অন্যরা পালিয়ে আসলেও শরিফুল ইসলাম (খুটা মোহাম্মদ) (৩০) নিহত হয়।

নিহত ব্যক্তির লাশ বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এএম