আড়াইহাজারে ২ হাজার মণ ভেজাল গুড় ধ্বংস, একজনের জেল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নকল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল গুড়, কেমিকেল ধ্বংস এবং কারখানার ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে সহকারী কমিশার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে মেসার্স নূর এন্টারপ্রাইজ নামে কারখানায় অভিযান চালানো হয়। পরে দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে বিপুল পরিমাণ নকল গুড় ধ্বংস করা হয়।

আড়াইহাজার গোপালদী পৌরসভার মুরাদপুর গ্রামের প্রায় ৫ একর জায়গা নিয়ে কারখানাটি গড়ে তোলেন উজানপুর বাঞ্ছারামপুরের শফিকুল ইসলাম।  অভিযানের আগে থেকেই তিনি পলাতক রয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন খবরে বুধবার  সন্ধ্যার পর অভিযান পরিচালনা করতে গেলে দেখা যায়, চিনি, কেমিকেল, আটা ও ময়দা দিয়ে এখানে গুড় তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এসময় কারখানার ম্যানেজারকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  কারখানার ম্যানেজার উজানচর গ্রামের আব্দুর রশিদের ছেলে খোকনকে (৩২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রায় দুই হাজার মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়।  পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসকে বৃহস্পতিবার কারখানাটি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার ও এসআই ছায়েদুল ইসসলাম  উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসি