শিবচরে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ 

শিবচরে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে অভিযান চালিয়ে ওইসব কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা বলে জানান তারা।

এসময় অবৈধ কারেন্ট জালের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মোঃ হোসাইন (৩৫) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান ও উপস্থিতি জনতার সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

ইত্তেফাক/আরকেজি