ছাতকে প্রচারণায় ১০ চেয়ারম্যান প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই ছাতকে উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। গ্রাম-হাটে ও চায়ের আড্ডায় এখন চলছে উপজেলা নির্বাচনের সরব আলোচনা। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্টিত হবে। 

ফেব্রুয়ারির প্রথম দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এমন আভাস নির্বাচন কমিশন থেকে আসার পর এখানে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণায় ও নেমেছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা। চলতি বছরের মার্চ মাসে উপজেলা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ছাতকে প্রচার-প্রচারণায় রয়েছেন চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী। ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আরো ডজনখানেক প্রার্থী। চেয়ারম্যানদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা, শাহিন আহমদ চৌধুরী, এড. আশিক আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাহাদত লাহিন, মাওলানা আকতার আহমদ, রফিকুল ইসলাম কিরণ, মুজিবুর রহমান মালদার ও জামায়াতের এড. রেজাউল করিম তালুকদার।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আবু জাহিদ মো. গাফফার, বাবুল রায়, এমরান আহমদ, বাকি বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাসিদা বেগম ন্যান্সি, নাসিমা আক্তার খান ছানা, সুৎফা রানী দাসসহ ডজনখানেক প্রার্থী রয়েছেন প্রচারণায়। চেয়ারম্যান প্রার্থী একজন জামায়াতের হলেও বাকিরা সবাই আওয়ামী ঘরণার। ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীই নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে চান। এক্ষেত্রে তারা অব্যাহত ভাবে দলীয় লবিংও চালিয়ে যাচ্ছেন।

তবে কার ভাগ্যে নৌকা প্রতীক জোটবে এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। একজন নৌকার কাণ্ডারি হলে বাকিরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন কি-না তা এখন দেখার বিষয়। 

গত উপজেলা নির্বাচনে এখানে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন নিজাম উদ্দিন। আসন্ন নির্বাচনে তার কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।

আরও পড়ুনঃ সিংড়ায় স্কুল শিক্ষার্থী নিখোঁজ

ছাতকের একাধিক বিএনপি নেতা জানিয়েছেন, উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে কি-না তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ইত্তেফাক/নূহু