নাব্য সংকটের কারণে কয়েকদিন ফেরি চলাচল বন্ধ থাকার পর শুক্রবার বিকেল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের তিনটি ফেরি পরীক্ষামুলকভাবে চলাচল শুরু করলেও আবারও বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ক্যামেলিয়া ও একটি কেটাইপ ফেরি। লৌহজং টার্নিং এর ডুবোচরে প্রায় আধ ঘণ্টা আটকে থাকার পর রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঠালবাড়ী ঘাটে এসে পৌঁছেছে। এর আগে ফেরি ক্যামেলিয়াসহ আরও একটি কেটাইপ ফেরি ঘাটে এসে পৌঁছায়।
বিআইডব্লিউটিসির কাঠালবাড়ী ঘাটের সহকারী ব্যবস্থাপক সামচুল আবেদীন এর সরকারি মোবাইল নম্বরে ৭টা ৫০ মিনিটে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার বিকেলে পরীক্ষামূলক ৩টি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। সন্ধ্যার মধ্যেই একটি রো রো ও ২টি কেটাইপ ফেরি কাঠালবাড়ি ঘাটে এসে পৌঁছেছে। তবে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি প্রায় আধঘণ্টা ডুবে চরে আটকে ছিল। সন্ধ্যার পর কাঁঠালবাড়ী ঘাট থেকে কোনো ফেরি শিমুলিয়া ঘাট উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং শিমুলিয়া ঘাট থেকে কোন ফেরি কাঁঠালবাড়ী ঘাট উদ্দেশ্যে ছেড়ে আসেনি। এখন কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ইত্তেফাক/কেকে