আওয়ামী লীগ নেতার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নেওয়া চেষ্টা ছাত্রলীগের

পিরোজপুর শহরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়িতে জেলা ছাত্রলীগ নেতা সদলবলে উপস্থিত হয়ে বিয়ের আসর থেকে কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে ভণ্ডুল হয়ে গেছে ওই বিয়ের আসর। ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের জন্য মেয়ের বাবা প্রস্তুতি নিছেন বলে জানা গেছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনা ঘটে। 

পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কনের পিতা দেলোয়ার হোসেনের অভিযোগসহ প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, শুক্রবার আছর নামাজের পর ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে যথারীতি বরও আসে। আক্দ অনুষ্ঠান শুরুর আগেই পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক সঙ্গীয় কিছু যুবক বাড়িতে ঢুকে কনেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পিস্তল দেখিয়ে ভয়ও দেখানো হয়। 

এসময় উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাধায় তারা অপহরণে ব্যর্থ হয়ে বর পক্ষকে নানা হুমকি দেয়। এ ঘটনার পর গ্রাম থেকে আসা বর পক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে বাড়িতে চলে যান। 

এ সময় অনিরুজ্জামান অনিক তার সাথে থাকা আব্দুল আলীম ও শাওনকে নিয়ে  কনের পিতাকে হুমকি দিয়ে বলে, তার মেয়েকে জনৈক আবুল কালামের ছেলে আব্দুল আলীম ছাড়া অন্য কারও সাথে বিয়ে দেয়া যাবে না। যদি বিয়ে দেয়া হয় বাসর ঘরে মেয়ের স্বামীকে হত্যা করে লাশ গুম করা হবে এবং আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে। 

দেলোয়ার হোসেন এই ঘটনাটি পিরোজপুর পৌর মেয়রসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জানান। এরপর খবর পেয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে পক্ষকে অভয় দেয়ার চেষ্টা করেন। তারপরও দেলোয়ারের পরিবারকে  ভয়-ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিক, আব্দুল আলীম ও শাওনসহ অজ্ঞাত ২০/২৫জনকে আসামী করে মামলা দেয়ার জন্য মেয়ের পিতা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন আজ শনিবার বিকেল তিনটায় এ রিপোর্ট লেখা কালে সদর থানায় অবস্থান করছেন। 

ইত্তেফাক/এসি