ফুলবাড়ীর প্রধান সড়ক ইজিবাইক থ্রি হুইলার নাইটকোচের দখলে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কোথাও সিএনজি চালিত থ্রি হুইলার ও ইজিবাইকের যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নেই। তাই ব্যস্ত সড়কে দাঁড়িয়ে থাকছে যানবাহনগুলো। শুধু তাই নয়, দূরপাল্লার যাত্রীবাহী নাইটকোচগুলোও সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ফলে শহর জুড়ে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি  হচ্ছে। আবার ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। 

সরেজমিনে, উপজেলা শহরের তিনকোণামোড় (জিরোপয়েন্ট) থেকে কলেজ মোড় হয়ে সোনালী ব্যাংক, অপর দিকে উপজেলা গেট এবং খাদ্য গুদাম পর্যন্ত যাতায়তের প্রধান সড়কের দুই পাশে রাখা হয়েছে ইজিবাইক, সিএনজি চালিত থ্রি হুইলারসহ বিভিন্ন ধরনের যানবাহন। 

জাহাঙ্গীর আলম, মাইদুল ইসলাম, নুর ইসলাম নুরুসহ একাধিক ভুক্তভোগী জানান, জরুরি প্রয়োজনে কাছে ও দূরের হাজারও মানুষ প্রতিদিন উপজেলা সদরে আসে। নির্দিষ্ট করে কোনো বাসস্ট্যান্ড, সিএনজি ও অটোবাইকের স্ট্যান্ড  না থাকায় এভাবেই রাস্তার ওপরেই সব ধরনের যানবাহন ইচ্ছেমতো রেখে যাত্রী ওঠা নামা করছে। রাস্তার ওপরই ঘণ্টার পর ঘন্টা ওঠানামা করা হচ্ছে মালপত্র। 

অটোচালক জোবাইদুল হক, আমিনুল ইসলাম ও বাবু মিয়াসহ একাধিক চালক জানান, বাসস্ট্যান্ড ও সিএনজি-অটোবাইকের গ্যারেজ না থাকায় তারা বাধ্য হয়ে সড়কের ওপর গাড়ি রেখে যাত্রী উঠানামা করছেন। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, আইন শৃঙ্খলা মিটিংয়ে বাসস্ট্যান্ড ও সিএনজি- অটোবাইক গ্যারেজের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা  করা হয়েছে। এর জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হচ্ছে।

ইত্তেফাক/এসি