টেকনাফ পৃথক অভিযানে অর্ধ লক্ষ ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড-বিজিবি’র পৃথক অভিযানে অর্ধ লক্ষ পিস ইয়াবা, একটি সিএনজি চালিত থ্রি হাইলারসহ পাঁচজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। 

রবিবার ভোররাতে টেকনাফ বিসিজি স্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা মিঠাপানিরছড়ায় একটি আলুর বস্তা নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন স্থানীয় মৃত হোছন আহমদের ছেলে নছর উল্লাহ, মৃত রমিদুল্লাহর ছেলে মো. নাঈমুল্লাহ এবং নুরু সালামের ছেলে মো. শফিক আলমকে আটক করে। তাদের সঙ্গে থাকা আলুর বস্তা তল্লাশি করে ১০ হাজার পিস এবং দেহ তল্লাশি করে আরও ১০ হাজার পিস মোট ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি সিএনজি চালিত থ্রি হাইলারে (কক্সবাজার-থ-১১-৫১২০) তল্লাশি করে ইঞ্জিন বক্সের ভেতরে লুকানো ৩০ হাজার পিস ইয়াবাসহ গাড়িটি জব্দ করে। এসময় রামু চাকমার কূলের মৃত আব্দুল মজিদের ছেলে মো. উল্লাহ (৩০) এবং ঢাকা দক্ষিণ সিটির ৩২ নং ওয়ার্ডের শামীম আহমদের ছেলে মো. সানিকে (২০) আটক করা হয়। 

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দৃকত ইয়াবা ও আটক মাদক  পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক এবং টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসি