পঞ্চগড়ে অগ্নিদগ্ধ হয়ে আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি জেলা শহরের পূর্ব ইসলামবাগ এলাকায়। সে ওই এলাকার মৃত মজাম্মেল হকের স্ত্রী। জানা গেছে, আমেনা দীর্ঘ ১০ বছর ধরে প্যারালাইজড রোগে ভুগছিলেন। বুধবার রাতে বাড়ির সদস্য তার ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমাতে যায়। গভীর রাতে হঠাত্ আমেনার ঘরে আগুন দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এবং পরিবারের লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমেনার ভাই শরিফ উদ্দীন জানান, কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হলে তাকে উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. সেলিম আলদ্বীন বলেন ওই বৃদ্ধার ৭৫ ভাগ অগ্নিদগ্ধ হয়। আমরা প্রাথমিক চিকিত্সা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করি। কিন্তু পারিবারিকভাবে তাকে নিতে না পারায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পঞ্চগড় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। তখন প্রত্যেকটি ঘরেই বিদ্যুতের বাতি জ্বলছিল। পঞ্চগড় থানার এসআই শাহিনুজ্জামান শাহিন বলেন, শরীরে কম্বল বা চাদরে আগুন লেগে তার মৃত্যু হতে পারে।