শিবগঞ্জে এক মোবাইল ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার চেষ্টার শিকার মোবাইল ব্যবসায়ী কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকার মোস্তাক আলীর ছেলে জিসান আলী। বৃহস্পতিবার দুপুরে জিসানের ভাই জুলিয়াস আলী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জিসান এক লাখ ৩১ হাজার ৫০০ টাকা নিয়ে জমা দেয়ার উদ্দেশ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শিবগঞ্জ শাখার কার্যালয়ের কাছে পৌঁছা মাত্র তার ওপর হামলা হয়। পূর্ব শত্রুতার জেরে ৮/১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং তার সাথে থাকা ১ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জিসানকে উদ্ধার করে স্থানীয় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান বলেন, ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।