রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি

স্থায়ী ক্যাম্পাসসহ হাসপাতাল ভবন নির্মাণ করা হবে : দীপংকর তালুকদার

বর্তমান সরকারের আমলেই রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ ৫’শ শয্যার পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বৃহস্পতিবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি ও ২০১৮-১৯ সনের এম.বি.বি.এস. ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীপংকর তালুকদার বলেন, এরই মধ্যে মেডিক্যাল কলেজের জন্য প্রস্তাবিত জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির, মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ও রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে একটি বহুতল ভবনে ৫ বছর আগে মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাস গড়ে তুলে কলেজের কার্যক্রম শুরু হয়।