‘পাঁচ মিনিটে বিদ্যুত্ সংযোগ’ সরকারের এ লক্ষ্য বাস্তবায়নের জন্য কুমিল্লার গ্রামে গ্রামে আলোর ফেরিওয়ালার যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার থেকে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর উদ্যোগে জেলার উত্তর রামপুরস্থ প্রধান কার্যালয় থেকে যাত্রা শুরু করে আলোর ফেরিওয়ালা। এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান। কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আওতাধীন চারটি জোনাল ও তিনটি সাব-জোনাল কার্যালয়। এসব কার্যালয় থেকে ৮টি আলোর ফেরিওয়ালা দল প্রতিটি গ্রামে ঘুরে বিদ্যুত্ নেই এমন বাড়িতে পাঁচ মিনিটের মধ্যে বিদ্যুত্ সংযোগ দেবে। কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে।