বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার পর সাক্ষাত্কার ও ভর্তি হতে আসা ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। জালিয়াতির অভিযোগে গত দুইদিনে আটককৃতদের পুলিশে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বুধবার সাক্ষাত্কার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। প্রথমদিন সাতজন এবং দ্বিতীয়দিন তিনজনসহ মোট ১০ শিক্ষার্থীকে জালিয়াতির কারণে আটক করা হয়।
আটককৃতরা হলো, সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন শিফটে মেধা তালিকায় ১ম স্থান অধিকারকারী মারুফ হাসান, একই অনুষদের ২য় স্থান অধিকারকারী রাকিবুল ইসলাম শান, ৩য় স্থান অধিকারকারী এস এম নাইম, ৬ষ্ঠ স্থান অধিকারকারী শোয়েব হাসান, ৯ম স্থান অধিকারকারী শাহরিয়ার ইসলাম, ৩৮তম স্থান অধিকারকারী রাহাত মজুমদার এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ২য় স্থান অধিকারকারী শাফিন আহমেদ। দ্বিতীয়দিন আটককৃত শিক্ষার্থীরা হলেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২য় স্থান অধিকারকারী মোস্তাফিজুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ২য় স্থান অধিকারকারী মাহিদুল ইসলাম রিদুল, একই অনুষদের ৬ষ্ঠ স্থান অধিকারকারী রেজাউল করিম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম বলেন, ‘আটক শিক্ষার্থীদের জালিয়াতি প্রমাণ পাওয়ায় তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত বছরের ২ থেকে ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদের অধীন ২১টি বিভাগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।