সেনবাগে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী-দেবর গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে যৌতুকের দাবিতে গৃহবধূ জাহেদা খাতুন প্রকাশ মাম্মি (২০) হত্যার সাড়ে তিন মাস পর পলাতক স্বামী আলী আহম্মদ প্রকাশ সোহল (৩০) ও দেবর আবুল কালাম আজাদ প্রকাশ রুবেলকে (২৫) গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ফেনীর সোনাগাজীর আবতাবি পাড়ার হকদি গ্রামের সদর উদ্দিনের বাড়ি থেকে সোহেলকে ও তার স্বীকারোক্তিতে ফেনী শহরের শাহীন একাডেমি এলাকার টমটম চালক আলা উদ্দিনের বাসা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর ভোরে যৌতুকের দাবিতে গৃহবধূ মাম্মিকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ পার্শ্ববর্তী দাগনভূঁইয়া হাসপাতালে রেখে পরিবারের সবাই পালিয়ে যায়। গৃহবধূ মাম্মির ৮ মাস বয়সের ইয়াসমিন আকতার নামে একটি কন্যা সন্তান রয়েছে।

সেনবাগ থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য          আজ দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে  প্রেরণ করা হয়েছে।