নগরকান্দায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

নগরকান্দায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে দুইপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা এসময় প্রায় ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও দুটি রান্না ঘরে অগ্নি-সংযোগ করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য হানিফ রানা সাথে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেনের এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে কাইচাইল বাজারে কামাল হোসেনের সমর্থক শাকিল হানিফ রানার সমর্থক চান মিয়াকে কোনো কারণ ছাড়াই কিল-ঘুষি মারে। এ খবর ছড়িয়ে পড়লে হানিফ রানার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করলে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে জেসমিন (৩২) নামে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা ও ভাঙা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল হোসেন মিয়া অভিযোগ করে বলেন, হানিফের লোকজন আমার সমর্থক হায়দার মুন্সি ও ইমদাদ মুন্সির দুটি রান্না ঘরে অগ্নি সংযোগ করেছে। অভিযুক্ত হানিফ অস্বীকার করে বলেন, কামাল আমার এবং আমার সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির উদ্দেশে নিজেদের রান্না ঘরে নিজেরা অগ্নি সংযোগ করেছে।