ভিডিও ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পুলিশের গাড়িতে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা ‘পরিকল্পিত’। ভিডিও ফুটেজ দেখে হামলাকারী ও যারা গাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন দেশ একটি সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, দেশের মানুষ যখন একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে; সেই সময় এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। হামলায় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়েছে এবং ২৩ জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। পরে সন্ধ্যায়  স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি পোড়ানো ছিল পূর্বপরিকল্পিত, উদ্দেশ্যমূলক। পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর সময় বিএনপি নেতা-কর্মীদের যে উচ্ছ্বাস দেখা গেছে, তা-ই বলে দেয় এ হামলা করা হয়েছে আগে থেকে পরিকল্পনা করে। একজন পুলিশ সদস্যকে বিএনপি কার্যালয়ের পাশে একটি ব্যাংকের নিচে আটকে রাখা হয়েছিল। পরে অন্য সদস্যরা তাকে উদ্ধার করে।