চূড়ান্ত সিদ্ধান্তের আগে কেউ বিভ্রান্ত হবেন না:তুহিন

 ‘শিরোনামহীন’ ব্যান্ড ভেঙে যাওয়ার পর থেকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন ব্যান্ডটির বর্তমান সদস্যরা ও সাবেক ভোকালিস্ট তানজীর তুহিন। এরপর গানের কপিরাইট নিয়ে মামলাতেও জড়িয়ে যায় বিষয়টি। ২০১৭ সালের শেষের দিকে শিরোনামহীন ছেড়ে যান তুহিন। এরপর তিনি ‘আভাস’ নামে একটি ব্যান্ড গঠন করেন। ‘আভাস’ গড়লেও তিনি শিরোনামহীনের জনপ্রিয় গানগুলোকে বাণিজ্যিকভাবে মঞ্চে পরিবেশন করতে থাকেন। অর্থনৈতিক সুবিধা গ্রহণ হিসেবে কপিরাইট অফিসে অভিযোগ করে ‘শিরোনামহীন’।

অভিযোগের প্রেক্ষিতে ধার্যকৃত প্রথম শুনানিতে তুহিন অনুপস্থিত থাকেন। পরে তিনি টাইম পিটিশন প্রেরণ করেন। তার চাহিদা অনুযায়ী সময় দেওয়া হলেও তা পেরিয়ে যায়। এরপর আরো দুটি শুনানি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে কাঁদা ছোড়াছুড়ি চলতে থাকে অনেকদিন। এ নিয়ে সম্প্রতি তুহিন বিষয়টি নিয়ে আবারো কথা বলেন। তুহিন এ প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি শিরোনামহীন ব্যান্ড থেকে আমার লাইভ গান পরিবেশন নিয়ে একটি অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রেজিস্ট্রার আমাকে মতামত দেন শিরোনামহীনের গান আমার গাওয়া উচিত নয়। তবে এটি শুধুই মতামত মাত্র। পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত নয়। আমার লেখা ও সুর করা গানে আমার অধিকার তো আছেই এবং যেসব গানের মূল কণ্ঠ আমার দেওয়া সেই গানগুলো লাইভ কনসার্টে পরিবেশন করতে আইনগতভাবে আমার কোনো বাঁধা নেই। উক্ত মতামতের বিরুদ্ধে আমি কপিরাইট বিষয়ে আপিল করতে পারি। যার এই এরইমধ্যে করেছি। শিরোনামহীন কপিরাইট নিয়ে যে কাগজ জমা দিয়েছে সেখানে তুষার, ফারহান বা আমার কারো অনুমতি রেজিস্ট্রেশনের সময় নেওয়া হয়নি। শিরোনামহীনের প্রতিষ্ঠাতা হিসেবে শুধু গান গাইবার নয়, এর সুনাম ও এখতিয়ারের বিষয়ে আইনগত সিদ্ধান্ত পাওয়ার আশায় এগুনোর চেষ্টা করছি। তবে আশা করি আমাদের কাঁদা ছোড়াছুড়ি বন্ধ হবে। সম্পূর্ণ বিষয়টি আইন বিবেচনাধীন। কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কেউ বিভ্রান্ত হবেন না।’