৬টি মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রদর্শনী

রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে প্রতিবারের মতো এবারো শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০১৯। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শীর্ষক শ্লোগানে গতকাল থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী এ উত্সব। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্সবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি উত্সবের সপ্তম আসর। এবারের উত্সবে বিশ্বের ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এরমধ্যে রয়েছে ১২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৯৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যমুনা ব্লকবাস্টার সিনেমাস, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও অলিয়াসঁ ফ্রঁসেজ এই ৬টি মিলনায়তনে এ আয়োজনের ছবিগুলো প্রদর্শিত হবে।