গোপালগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্র দিদার ফকিরের (১৬)  লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত মাদ্রাসা ছাত্র দিদার ফকির দিগনগর গ্রামের নাসির ফকিরের ছেলে।

 

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বশার জানান, রবিবার সন্ধ্যায় মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় দিদার। দিগনগর গ্রামের মনির হাফিজের পুকুরে দিদারের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

ইত্তেফাক/এএম