দেশের দীর্ঘ বিদ্যুত্ সঞ্চালন লাইন ঢাকা-চট্টগ্রাম

দেশে বিদ্যুতের সবচেয়ে দীর্ঘ সঞ্চালন লাইন নির্মাণে ভারতীয় কোম্পানি কেইসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। ঢাকা-চট্টগ্রাম প্রধান বিদ্যুত্ গ্রিড শক্তিশালী করতে মেঘনাঘাট হতে চট্টগ্রামের মদুনাঘাট পর্যন্ত ২১৪ কিলোমিটার দীর্ঘ এ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন নির্মিত হবে।

গতকাল বৃহস্পতিবার পিজিসিবি’র প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়। একক দরপত্রে কেইসিকে এ প্রকল্পের টার্নকি ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। প্রকল্প খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় ১ হাজার ৭৩৪ কোটি টাকা। উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, বাংলাদেশ সরকার ও পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। ৩৪ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং কেইসি’র পক্ষে কান্ট্রি হেড কুলদ্বীপ কুমার সিনহা চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী বলেন, কেইসি এ পর্যন্ত বেশ কয়েকটি সঞ্চালন লাইনের কাজ করেছে। মেঘনাঘাট-মদুনাঘাট সঞ্চালন লাইনটিও যথাসময়ে কাজের উচ্চমান বজায় রেখে শেষ করতে হবে। কেইসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পংকজ কে ট্যান্ডন বলেন, অতীতের কাজের সুনাম বজায় রেখে এ সঞ্চালন লাইনের কাজ সম্পন্ন করতে কেইসি বদ্ধপরিকর।