পল্টনের ঘটনার জন্য ইসির দুঃখ প্রকাশ

পল্টনের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, নির্বাচন কমিশনের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের প্রশ্ন ছিল- আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের সময় মিছিল, শোডাউনের ঘটনা ঘটলে কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু বিএনপির মনোনয়ন ফরম বিতরণ চলাকালে কোনো কমিশন এটিকে আচরণ বিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বললো। এই জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এমস নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম দু:খ প্রকাশ করেন এবং বলেন, পুলিশ ভুল করেছে। অতি উত্সাহী হয়ে এটা করা হয়েছে। আমরা এধরণের ঘটনা ঘটুক তা চাইনি। বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, বিএনপির কার্যালয়ের সামনে সৃষ্ট ঘটনায় ইসির পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গতকাল রাতে নয়াপল্টনের ঘটনার বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সেখানে অনাকাঙ্কিত ঘটনা ঘটেছে। কমিশন এজন্য দুখ পেয়েছেন, যাতে ভবিষ্যতে না হয় সে আশা প্রকাশ করেছে। ইসি বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে, আসলে কী হয়েছিল। তিনি বলেন, সব জোটে উত্সবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ জমা দেয়া হচ্ছিল। এটা একটা দুর্ঘটনা বলা যায়।