শাটডাউন বৈঠক থেকে ট্রাম্পের ওয়াকআউট!

মার্কিন সরকারের কার্যক্রম যে ১৯ দিন ধরে বন্ধ রয়েছে (যা শাটডাউন নামে পরিচিত) সেই অচলবস্থা নিরসনে গতকাল বৃহস্পতিবার বিরোধী ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে আলোচনায় বসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ‘বাই বাই’ বলে বের হয়ে গেলেন। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেট সংখ্যালঘু দলের নেতা চাক শুমার যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না করার ব্যাপারে আগের অবস্থানে অটল থাকার কথা জানালে প্রেসিডেন্ট ট্রাম্প বিস্ময়করভাবে আলোচনা থেকে ওয়াকআউট করেন। এই বৈঠককে ‘সময়ের সম্পূর্ণ অপচয়’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথমবারের মত ৮ লাখের বেশি মানুষ এই সপ্তাহে তাদের বেতন পাবেন না। বৈঠক থেকে বের হয়ে যাবার পরে এক টুইটে ডেমোক্র্যাট দলের নেতাদের উদ্দেশেও প্রেসিডেন্ট লেখেন ‘বাই-বাই’। এদিকে হোয়াইট হাউসের বাইরে বিষয়টি নিয়ে দু’পক্ষই একে অপরকে দোষারোপ করছে। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পকে বলেছেন, সরকারি কর্মচারিদের প্রতি অসংবেদনশীল আচরণ করা হচ্ছে। তিনি (ট্রাম্প) হয়ত মনে করছেন তারা (কর্মচারিরা) তাদের বাবার কাছে বেতন চাইছেন!

চাক শুমার সাংবাদিকদের জানিয়েছেন পেলোসি যখন দেয়াল নির্মাণের বিষয়ে অর্থ বরাদ্দে অনুমোদন দিতে রাজি হননি তখনি ট্রাম্প ক্ষেপে যান। ট্রাম্প পেলোসিকে আরেকবার জিজ্ঞাসা করেন, আপনি কি আমার প্রস্তাবিত দেয়াল নির্মাণের ব্যাপারে রাজী আছেন? পেলোসি তার উত্তরে বলেন, ‘নো’। প্রেসিডেন্ট সাথে সাথে বলেন, তাহলে আমাদের আলোচনা করারও কিছু নেই।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজকর্মে আংশিক বন্ধ অবস্থা অব্যাহত রয়েছে। তবে জরুরি সেবা খাতগুলো চালু আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সীমান্ত দেয়াল নির্মাণের বরাদ্দ বাবদ ৫৭০ কোটি ডলার পাশ করাতে চান যা অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর বলে মনে করছেন ডেমোক্র্যাটরা।