কক্সবাজারের টেকনাফে ‘বন্দুক যুদ্ধে’র ঘটনায় তালিকাভুক্ত মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ৩জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী সাবরাং কাটাবনিয়ার আব্দুর রহমানের পুত্র আবুল কালাম ও কচুবনিয়ার মৃত এনাম শরীফের পুত্র আব্দুর রশিদ প্রকাশ ডাইলাকে নিয়ে খুরেরমুখে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এসময় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ এবং কনস্টেবল হূদয় আহত হয়। ঘটনাস্থল হতে গুরুতর আহত দুই মাদক ব্যবসায়ীসহ ৫টি দেশীয় অস্ত্র, ২২ হাজার ইয়াবা ও বেশ কয়েক রাউন্ড বুলেটের খোসা উদ্ধার করা হয়। আহতদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক গুলিবিদ্ধ ও রক্তাক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের চিকিত্সা দেওয়া হয়েছে। দুই মাদক ব্যবসায়ীর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীরা ১০টি ও ৬টি করে মামলার আসামি বলে জানা গেছে।