সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৩টির। আর ২৫টির অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৯৭ পয়েন্টে। শরীয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১ পয়েন্টে। গতকাল ডিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকায়। যা আগের দিন ছিল ১ হাজার ২৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৮ কোটি ১৬ লাখ টাকা বা প্রায় ১২ শতাংশ। গতকাল ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭৬৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
টাকার অঙ্কে গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই সিরিঞ্জের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিবিএস কেবলসের ২৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে অলেম্পিক। লেনদেনে এরপর রয়েছে- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, অ্যাকটিভ ফাইন, শাহাজিবাজার পাওয়ার, ব্র্যাক ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম এবং সিঙ্গার বিডি।
গতকাল ডিএসইতে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য করেছে ইন্সুরেন্স খাতের কোম্পানিগুলো। শীর্ষ দশের মধ্যে ৫টি স্থানেই অবস্থান ছিল ইন্সুরেন্স কোম্পানির। গতকাল টপটেন গেইনারে উঠে আসে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স। শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৩৪ বারে ১১ লাখ ৪৬ হাজার ৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে ছিল প্যারামাউন্ট ইন্সুরেন্স। এ কোম্পানিটির দর বেড়েছে এক টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৬৭৫ বারে ৪৯ লাখ ৩১ হাজার ৩৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৯ লাখ ৩৮ হাজার টাকা। ঢাকা ইন্সুরেন্স গেইনারের তৃতীয় স্থানে ছিল। কোম্পানিটির দর বাড়ে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৮৮ বারে ৫ লাখ ৯ হাজার ২৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ২৫ লাখ ৩১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিকস, অগ্রণী ইন্সুরেন্স, সোনালী আশঁ, ফেডারেল ইন্সুরেন্স, নাহি এ্যালুমিনিয়াম, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও আল-হাজটেক্স।