রাজধানীতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যমেলা শুরু হবে ১৭ জানুয়ারি

তৈরি পোশাক খাতে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে দশমবারের মতো গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন (গ্যাপেক্সপো)-২০১৯ শুরু হচ্ছে ১৭ জানুয়ারি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এ আয়োজন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

এবারের আয়োজনে ২০টি দেশের ২৭০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো-বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ইতালি। গার্মেন্টেক ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো।

বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান বলেন, প্রতিবছরের মতো এবারের আয়োজনে সর্বশেষ প্রযুক্তিতে উত্পাদিত পণ্যসমূহ প্রদর্শন করা হবে। আর এ প্রদর্শনীর মাধ্যমে পণ্য প্রস্তুতকারক ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে, যা এ শিল্পকে নতুন মাত্রা দিবে। তিনি বলেন, বর্তমানে আমরা দেশীয় চাহিদার প্রায় ৯৫ শতাংশ যোগান দিয়ে রপ্তানি করছি।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এএসকে ট্রেড এ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেড এবং জাকারিয়া ট্রেড এ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলার আয়োজন করছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

গত ২০১৭-১৮ অর্থবছরে প্রচ্ছন্ন (ডিমএক্সপোর্ট) রপ্তানি করে এ খাতের উদ্যোক্তারা আয় করেন ৭.১০ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছর ছিল ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে সরাসরি গার্মেন্টস এক্সেসরিজ রপ্তানি হয়েছে এক বিলিয়ন ডলারের বেশি।

প্রদর্শনীতে সরাসরি সর্বোচ্চ রপ্তানিকারকদের থেকে তিনজনকে ও প্রচ্ছন্ন রপ্তানিকারকদের মধ্য থেকে তিন ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও নারী উদ্যোক্তাদের উত্সাহিত করার লক্ষ্যে তিনজনকে পুরস্কৃত করবে আয়োজকরা।