ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকল কর্মী। দাবানলের প্রচন্ডতা এতটা বেশি যে তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত তিনটি দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জন দাঁড়িয়েছে। দাবানল থেকে রক্ষায় পশু-পাখিদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এজন্য তহবিলও সংগ্রহ করা হয়েছে। খবর এনডিটিভি ও ডেইলি মেইলের
কর্মকর্তারা জানিয়েছেন, ২২৮ জন নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে প্রধান দাবানল ক্যাম্প ফায়ারের কারণে। ২৬ হাজার মানুষের প্যারাডাইস শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। শেরিফ কোরি হানিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মঙ্গলবার আরো ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এগুলোর সবই প্যারাডাইস শহরের। এই শহরটিতে সাধারণত অবসরপ্রাপ্তরা বাস করেন। প্যারাডাইস টাউন কাউন্সিলের সদস্য মেলিসা স্কুসটার বলেছেন, প্যারাডাইস এখন রাসায়নিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লস অ্যাঞ্জেলসের উত্তরে উলসি ফায়ারের হানায় মারা গেছে ২ জন।
ক্যাল ফায়ার নামের একদল দমকল সংস্থা জানিয়েছে, গত বৃহস্পতিবার ক্যাম্প ফায়ারের সৃষ্টি হয়। এতে ১ লাখ ৩০ হাজার একর জমি পুড়ে গেছে। বিউন্টি কাউন্টির শেরিফ জানিয়েছেন, গত ৩০ সপ্তাহে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধান দুর্যোগপূর্ণ এলাকা বলে অভিহিত করেছে। রাজ্যের গভর্ণর জেরি ব্রাউন জানিয়েছেন, দাবানল আরো বেশি ভয়ংকর হতে পারে। দাবানল থেকে রক্ষার জন্য পশু-পাখিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এজন্য হলিউড অভিনেত্রী স্যান্ডরা বুলোক এক লাখ ডলার তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। অনেক স্থানেই পশু-পাখি দাবানলে আটকা পড়েছে।