অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পরপরই মনোযোগটা ওয়ানডে ক্রিকেটের দিকে নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তাদের সকল মনোযোগ এখন চলতি বছরের বিশ্বকাপের দিকে, এমনটা জানালেন ওয়ানডেতে দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে গতকাল তিনি এসব কথা বলেন।
আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপ সামনে রেখে রোহিত শর্মা বলেন, ‘আমরা বিশ্বকাপ থেকে ১৩টি ওয়ানডে দূরে আছে। বিশ্বকাপের দলে হয়তো এখনকার দল থেকে দুই-একটা পরিবর্তন আসবে। ফর্ম, ইনজুরি - অনেক ব্যাপার থাকতে পারে। ফলে, এখন আমাদের সবার চোখই বিশ্বকাপের দিকে। হ্যাঁ, এটা ঠিক যে, যেকোনো সময়ই যে কেউ দল থেকে জায়গা হারাতে পারে। ইংল্যান্ডে কারো ফ্লাইটই নিশ্চিত নয়। তবে, আমরা বিশ্বকাপকে সামনে রেখেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করছি।’
সম্প্রতি ব্যাট হাতে খুব একটা সাফল্য পাচ্ছেন না ধোনি। ফলে, তাকে নিয়ে চলছে জল্পনা কল্পনা। আদৌ কি ধোনি বিশ্বকাপ দলে জায়গা পাবেন? - এমন প্রশ্নও উঠছে। এই গুঞ্জনের প্রেক্ষিতে রোহিত শর্মা বলেন, ‘ফিনিশিং দক্ষতা ছাড়াও ধোনির উপস্থিতিই দলে অন্য একটা মাত্রা যোগ করে দেয়। দলের মধ্যে ধৈর্য এনে দেয়, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের মধ্যে। আর ধোনির এই ভূমিকাটাই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
ধোনির উপস্থিতি দলের ড্রেসিংরুমের জন্য ইতিবাচক বলে মনে করছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘বিগত বছরগুলিতে ড্রেসিংরুমে ও মাঠে ধোনির উপস্থিতি দেখে আসছি। ও আশেপাশে থাকলে সবার মধ্যে একটা ধৈর্যের অনুভূতি থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তা অধিনায়ককেও সাহায্য করে। কারণ, ও স্ট্যাম্পের পিছনে থাকে। ভারতীয় দলকে অনেক বছর ও নেতৃত্ব দিয়েছে এবং যথেষ্ট সফলও হয়েছে। তাই ওর দলে থাকাটা সব সময়ই ভালো ব্যাপার। দলের কাছে ও আলোকবর্তিকার মতো’।
রোহিত মনে করেন, ধোনির ব্যাটিং দক্ষতা এখনো দলের কাজে আসবে। তিনি বলেন, ‘ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামা, দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়া, ওর ফিনিসিং টাচটা খুবই গুরুত্বপূর্ণ আর এই কাজটা আমাদের জন্য অনেক ম্যাচে করে আসছে ধোনি।ওর ধৈর্য ও পরামর্শ, ম্যাচ নিয়ে কী ভাবছে, আমাদের এখন কী করা উচিত—এসব খুব গুরুত্বপূর্ণ। ওর উপস্থিতিটাই আমাদের কাছে একটা বড় ব্যাপার।’
স্ট্যাম্পের পিছনে ধোনির উপস্থিতিতে যজুবেন্দ্র চাহল ও কুলদীপ যাদবের মতো বোলাররা উপকৃত হয়, জানালেন রোহিত। তিনি বলেন, ‘কুলদীপ ও চাহাল এখন খুবই ভালো খেলছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে, ব্যাটসম্যান কী করতে চাইছে, তা নিয়ে পরামর্শ দেওয়াটা বড়সড় ফাঁরাক গড়ে দেয় বলে আমি মনে করি। ওরা ২০১৭ থেকে ভারতের হয়ে খেলছে। তারপর থেকে ভারতের বাইরে খুবই ভালো পারফর্ম করছে। এর একটা কারণ ধোনি। মাঠে ওদের বলের লাইন ও ফিল্ড প্লেসমেন্ট নিয়ে পরামর্শ দেয় ও। অধিনায়কত্ব ছাড়ার পর দুরন্ত ভূমিকা পালন করছে ধোনি।’
এদিকে সিডনিতে ফের হানা দিয়েছে বৃষ্টি। গতকাল বৃহস্পতিবার তাই মাঠেই নামতে পারল না বিরাট কোহলি’র দল। বাধ্য হয়ে ইনডোরের পথেই হাঁটল ভারতীয় দল। নেট প্র্যাকটিস করলেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও আম্বাতি রাইডুরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত মঙ্গলবারই সিডনিতে চলে এসেছেন ধোনি, রোহিত, শিখর ধাওয়ান, রাইডু, খালিল আহমেদ, কেদার যাদব ও যুজবেন্দ্র চাহালরা। বুধবার ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। ট্রেনিংয়ে দেখা মিলেছিল ধোনি, ধাওয়ান ও রাইডুদের। বাকিরা কেউ প্র্যাকটিস করেননি। বৃহস্পতিবারই ছিল পুরো দলের প্রথম প্র্যাকটিস সেশন ছিল, কিন্তু সেটাও বৃষ্টিতে বিঘ্নিত হয়।