জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র পেশাদার লাইসেন্স নেই। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সিদ্ধান্ত অনুযায়ী তার খেলা চলাকালীন মাঠে দাঁড়ানো নিয়ে সমস্যা হতে পারে।
এএফসির নির্দেশনা হলো- ২০১৯ সাল হতে জাতীয় দলের কোচদের খেলা চলাকালে ডাগআউটে থাকতে হলে পেশাদার লাইসেন্স থাকতে হবে। কিন্তু বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডের লাইসেন্স নেই। এই নিয়মের বাধ্যবাধকতার কারণে সমস্যায় পড়েছেন জামাল ভূঁইয়াদের কোচ। নতুন বছর শুরু হয়ে গেছে। এএফসির নিয়মও শুরু হয়ে গেছে। তাই এই কোচকে ঘিরে নতুন আশংকা দানা বেঁধেছে।
লন্ডনে ছুটিতে থাকা জেমি ডে গতকাল ঢাকায় সংবাদ মাধ্যমের সঙ্গে হোয়াটসঅ্যাপে এই সব নিয়ে কথাও বলেছেন। কোচেস কোর্স করতে খোঁজ খবরও নিয়েছিলেন তিনি। কিন্তু পেশাদার লাইসেন্স সম্পন্ন করতে ১৮ মাস লাগবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় কোচদের অন্যতম মারুফুল হকও লাইসেন্স করতে গিয়েছিলেন। তারও প্রায় দুই তিন বছর লেগেছিল। এখন কথা হচ্ছে লাইসেন্স না থাকলে বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে মাঠে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবেন কি না। জেমি এটা নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াটসঅ্যাপে।
বাফুফে সূত্রে জানা গেছে এই মুহূর্তে কোনো সমস্যা হবে না। লাইসেন্সের জন্য আবেদন করে রাখলে সেটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নেয়া যাবে। বাফুফে মানছে প্রো লাইসেন্স থাকা দরকার। বাফুফের কথা হচ্ছে এএফসি আগে এসব নিয়ম বাধ্যতামূলক করেনি। এবার করেছে। সেটা সব দেশের জন্য করেছে।
আগামী মার্চে অনূর্ধ্ব-২৩ ফুটবলের খেলা রয়েছে বাহরাইনে। সেখানে জেমি ডে থাকতে পারবেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। জুনে এশিয়ান কাপ কোয়ালিফাইং এবং রাউন্ডের খেলা রয়েছে। টোকিও অলিম্পিক ফুটবলের বাছাই রয়েছে। কোথাও সমস্যা হবে না বলে মনে করছে বাফুফে। সোহাগ জানিয়েছেন যদি আবেদন করে রাখা যায় তাহলে সেটা দিয়েও কাজ চালিয়ে নেয়া সম্ভব।
জেমি ডে ফেডারেশন কাপ ফুটবলের পরেই ছুটি কাটাতে দেশে চলে গিয়েছিলেন। বড় দিনের ছুটি কাটিয়ে ফেরেননি। কারণ লিগ শুরু তারিখ ঘোষণা হয়েছে ১৮ জানুয়ারী। যে কারণে জেমি ডের ঢাকায় ফেরাটাও পিছিয়ে যায়। গতকাল তিনি প্রবাসী বাঙালি ফুটবলারদেরও দেখছেন বলে জানান। যদি ভালো কাউকে চোখে পড়ে তাহলে তুলে নিতে চান। জেমির কোচিং স্টাফ আরেক ব্রিটিশ ডেভিস ছুটিতে গিয়ে আর ফিরছেন না। তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। জানা গেছে সিঙ্গাপুরে আরো ভালো বেতনে চলে গেছেন তিনি। এ জন্য তার পরিবর্তে নতুন একজনকে নেয়ার কথা জেমি ডেকে জানিয়েছে বাফুফে।