লিগ কমিটির সভা কাল

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে

পেশাদার ফুটবল লিগটি ঘোষিত সময় ১৮ জানুয়ারি শুরু হবে কিনা তা বোঝা যাবে আগামীকাল শনিবার। অনেক দিন পর লিগ কমিটির সভা হবে। সেখানে গুরুত্ব পাবে লিগের সব ভেন্যু প্রস্তুতির বিষয়ও।

ইতোমধ্যে দুই ক্লাব চিঠি দিয়েছিল তারা লিগের সময়টা আরেকটু কমিয়ে আনতে চায়। বসুন্ধরা কিংস এবং সাইফ স্পোর্টিংয়ের এমন দুটি চিঠি লিগ কমিটির সভায় উঠতে যাচ্ছে। তবে দুই ক্লাবের চিঠি উড়িয়ে দিচ্ছে না লিগ কমিটি।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, ‘তবে পেছাতে চাইলে সেটাও সম্ভব। আমার মনে হয় না কোনো ক্লাব লিগ পেছাতে আগ্রহী। কারণ সব ক্লাবই এখন অনুশীলনে রয়েছে।’

আবু নাইম সোহাগের যুক্তি, ‘কেউ যদি লিগের সময় কমিয়ে আনার দাবি করে সেটা ভিন্ন বিষয়। এখন যেমন ফিকশ্চারে শুক্রবার, শনিবার ও রবিবার খেলার কথা ঘোষণা করা হয়েছে। সেটা একদিন বাড়িয়ে কিংবা দুই দিন বাড়িয়ে খেলা করা যায়। তাতে সময়টাও কমে আসতে পারে। হয়ত জুন মাসের মধ্যে খেলা শেষ করা যাবে। তাতেও কি খুব একটা লাভ হবে। আমার মনে হয় না। যাই হোক সব কিছুর সিদ্ধান্ত হবে লিগ কমিটির সভায়।’

এদিকে প্রিমিয়ার লিগ নির্ধারিত সময়ে শুরু হবে ধরে নিয়ে মোহামেডান, আবাহনী, শেখ জামাল, সাইফ স্পোর্টিং, ব্রাদার্স,  চট্টগ্রাম আবাহনী, সব ক্লাবই অনুশীলন চালিয়ে যাচ্ছে। আবাহনী ব্যস্ত তাদের লিগ ট্রফি ধরে রাখার জন্য। মোহামেডান বিদেশি কোচের অপেক্ষা না করে দেশি কোচ আলী আজগর নাসিরকে দিয়ে অনুশীলন চালাচ্ছে। ব্রাদার্সের অনুশীলন হয়েছে পাঁচদিন আগে। নোফেল ক্লাব মাত্র দুই দিন আগে অনুশীলন শুরু করেছে।