মালয়েশিয়ান এক ব্যক্তি বলছেন, তার হারানো ফোন জঙ্গল থেকে খুঁজে পাবার পর সেখানে তিনি এক বানরের সেলফি এবং বানরের ভিডিও ছবি দেখে রীতিমতো বিস্মিত। এই ফুটেজ সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। তার মোবাইল ফোনটি হারানোর এক দিন পর সেটি বাসার পেছনের জঙ্গল থেকে তিনি খুঁজে পান এবং তার ফোনে তোলা ভিডিও ফুটেজে দেখেন একটি বানর। দেখে মনে হচ্ছে তার ফোনটি খাবার চেষ্টা করছে।
ফোনের মালিক জাকরিজ রদজি এই ছবি টুইটারে পোস্ট করলে সামাজিক মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছাত্র জাকরিজ ভেবেছিলেন, তিনি যখন ঘুমিয়েছিলেন তখন তার ফোন কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু কীভাবে তার ফোন চুরি হয়েছিল তা তিনি সঠিকভাবে জানেন না। তার ফোনে বানরের ছবি এবং ভিডিও ঠিক কীভাবে তোলা হয়েছিল তা যাচাই করে দেখাও সম্ভব হয়নি।
২০ বছর বয়সি জাকরিজ বলেছেন, শনিবার সকালে ১১টা নাগাদ ঘুম থেকে উঠে তিনি দেখেন তার স্মার্টফোনটা নেই। কোনো চোর-ডাকাত ঢোকার কোনো চিহ্ন ছিল না। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের বাতু পাহাতে কম্পিউটার সায়েন্সের ফাইনাল বর্ষের ছাত্র জাকরিজ জানান। এর কয়েক ঘণ্টা পর বিবিসির সঙ্গে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ঐ একই দিনে স্থানীয় সময় দুপুর ২টা ১ মিনিটে তোলা একটি বানরের ছবি। বানর ফোনটি খাবার চেষ্টা করছে।
বানরটিকে দেখা যায় জঙ্গলে গাছপাতার মধ্যে থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। পেছনে শোনা যায় পাখির ডাক। তার ফোনে দেখা যায়, বানরের আরো কিছু ছবি, সেই সঙ্গে গাছপালা এবং পাতার ছবি। জাকরিজ বলেন, রবিবার দুপুর পর্যন্ত তিনি তার ফোনের কোনো হদিস পাননি। দুপুরে তার বাবা তাদের বাসার বাইরে একটি বানর দেখতে পান। তিনি মাঝে মাঝেই তার ফোন বাজাচ্ছিলেন। এসময় তিনি আবার তার ফোনে রিং করলে সেটি পেছনের জঙ্গল এলাকায় বাজছে বলে মনে হয়। তাদের বাসার পেছনের বাগান থেকে কয়েক পা দূরেই জঙ্গল। তিনি বলেন, একটা পাম গাছের নিচে পাতার ভেতর তার ফোন কাদামাখা অবস্থায় পড়ে আছে। তার চাচা নাকি তাকে মজা করে বলেছিলেন, দেখো ফোনে চোরের কোনো ছবিটবি আছে কি না। ফোন থেকে কাদা পরিষ্কার করার পর তিনি কৌতূহলবশতই ছবির গ্যালারি খুলে দেখেন, সেখানে ভর্তি বানরের ছবি। -বিবিসি