ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলের সাবেক মন্ত্রীর জেল

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলের সাবেক জ্বালানি মন্ত্রী গোনেন সেগেভকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বুধবার এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে শত্রুরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি ও তথ্য পাচারের কথা স্বীকার করেন তিনি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইসরাইলের জ্বালানি মন্ত্রী ছিলেন গোনেন সেগেভ। ২০০৪ সালে মাদক পাচার চেষ্টার দায়ে কারাদণ্ড পান পেশায় চিকিত্সক সেগেভ। ২০০৭ সালে ছাড়া পেয়ে ইসরাইল ছাড়েন তিনি। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের লেবার সরকারের মন্ত্রী ছিলেন সেগেভ।

গত বছরের জুনে সেগেভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিন বেট ওই সময়ে জানায়— নাইজেরিয়ায় বসবাসের সময় তাকে নিয়োগ দেয় ইরানের গোয়েন্দা সংস্থা। সেগেভের বিচার শুরু হয় জুলাইয়ে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের খুব সামান্য অংশই প্রকাশ করা হয়েছে।