ইছামতির তীরে ভিন্ন এক গল্প

আত্মহত্যাবিরোধী সংগঠন ব্রাইটার টুমরো দল গত বুধবার যখন  ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কোলাকোপা গ্রামের প্যালেস  পার্কে পৌঁছায় তখন পৌষের হিমঝরা সকাল অনেকটাই গা ঝাড়া  দিয়ে উঠেছে। ইছামতি নদীর তীরে এ পার্কে মিষ্টিরোদে  দাঁড়িয়েছিল ৮০টি সুবিধাবঞ্চিত শিশু। এদের বাবা-মা ওই  এলাকার ইটভাটার মৌসুমি শ্রমিক। স্থানীয় তরুণদের উদ্যোগে  এসব শিশু ‘বর্ণমালা বিদ্যালয়ে’ বিনামূল্যে পড়াশুনার সুযোগ  পাচ্ছে। বছরের ছয় মাস এরা লেখাপড়া করে। বাকী সময়টাতে  বাবা-মায়ের সাথে নিজ এলাকায় চলে যায়। বুধবার প্যালেস  পার্কটি এসব শিশুর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রাইটার  টুমরো  এসব শিশুর মাঝে শীতের কাপড় বিতরণ করে। কম্বল, সোয়েটার  পেয়ে এরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। 

শীতবস্ত্র বিতরণকালে বিটিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি  জয়শ্রী জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ফারশিদ ভুঁইয়া,  সহ-সভাপতি জাকারিয়া আল মাহমুদ ও ডা. জিয়া উল হক এবং    কোষাধ্যক্ষ রুহুল গণি জ্যোতি, কবি ও সাংবাদিক জুনান নাশিত  উপস্থিত ছিলেন। এছাড়া বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষক জামান ও  বিটিএফ-এর তরুণ স্বেচ্ছাসেবীরাও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  অংশ নেন।   

বক্তারা জানান, বিশ্বের ধনী দেশগুলোর তুলনায় দরিদ্র  দেশগুলোর মানুষ বেশি আত্মহত্যাপ্রবণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে  বিশ্বে শতকরা ৭৫ ভাগ আত্মহত্যা হয় দরিদ্র দেশগুলোতে। তবে  আশার কথা হলো বর্তমানে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে  উন্নয়নশীলে উন্নীত হয়েছে। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের  মানসিক স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বারোপ করে বলেন,  শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর যত্নবান হতে হলে  সরকারি প্রচেষ্টার বিকল্প নেই। শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য  যথাযথ পরিবেশ গড়ে তোলা দরকার।